প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১২:০২ (সোমবার)
ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন আ স ম মাসুম

ছবি: সংগৃহীত

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের উন্নয়ন এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন রানার টিভির সিইও ও সাংবাদিক আ স ম মাসুম।

বার্মিংহামের নিউ বিংলে হলে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন বার্মিংহাম মেইল-এর সম্পাদক গ্রায়াম ব্রাউন।

এবারের আয়োজনে প্রথমবারের মতো ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিভাগ চালু করা হয়। এই নতুন বিভাগে প্রথমবারের স্বীকৃতি অর্জন করেন সাংবাদিক আ স ম মাসুম। তাঁর এ অর্জন ব্রিটেনে বাংলা সাংবাদিকতা ও গণমাধ্যমের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আ স ম মাসুম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের নানা দিক সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। কমিউনিটির বিভিন্ন বিষয় ও মানুষের জীবনসংগ্রামকে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি তিনি মানবিক কর্মকাণ্ড, সাংবাদিক সংগঠনের নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সংশ্লিষ্টদের মতে, তাঁর এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং ব্রিটেনে বাংলা ভাষার সাংবাদিকতা, গণমাধ্যমের বিকাশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কথা মূলধারায় তুলে ধরার প্রচেষ্টারও স্বীকৃতি।

ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের এবারের আসরে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিভাগে প্রথম স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে আ স ম মাসুমের সাংবাদিকতা জীবনে যুক্ত হলো নতুন এক অর্জন। একই সঙ্গে এ সম্মাননা প্রবাসে বাংলা সাংবাদিকতার অগ্রযাত্রাকে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।