প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৯:৫৯ (রবিবার)
সিলেটে ১দিনে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

সিলেট নগরী ও জৈন্তাপুর থেকে এক দিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অপরজনের পরিচয় পাওয়া গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিলেট নগরীর কাজলশাহ এলাকায় পাওয়া আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী, সিলেট রেলওয়ে স্টেশনের পাশে পাওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি এবং জৈন্তাপুরে উদ্ধার হওয়া কিশোরগঞ্জের বাসিন্দা নজরুল ইসলাম (৪২)।

কাজলশাহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রোববার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে সিলেট নগরীর কাজলশাহ মসজিদের পাশের রাস্তার ধারে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পাঠায়।

সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, নিহত নারীর নাম, ঠিকানা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

রেলওয়ে স্টেশনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

এদিকে, রোববার সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং সংলগ্ন আইল্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তাঁর কাছে কোনো কাগজপত্র বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জৈন্তাপুরে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

অন্যদিকে, সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, কলেজ-সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ফেরি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৌল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই দিনে সিলেট নগরী ও জৈন্তাপুরের পৃথক তিনটি স্থান থেকে এসব মরদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।