প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৮:৪৮ (রবিবার)
সিলেট রেলওয়ে স্টেশনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং সংলগ্ন আইল্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকায় আইল্যান্ডের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় নিহত ব্যক্তির কাছে কোনো কাগজপত্র বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।