সরকারের ভুল ও অনিয়মের দায় বিরোধী দল কেন নেবে—এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চায় জামায়াতে ইসলামী। সরকারের ভালো উদ্যোগে সমর্থন জানানো হবে, তবে ভুল ও অনিয়মের সমালোচনা করতেও পিছপা হবেন না তাঁরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনের দলীয়করণ, গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, “একটার পর একটা অঘটন ঘটবে, আর আমরা কি বসে থাকব? ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন?”
অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগে এমন পরিস্থিতি ছিল, যেখানে সরকারি দলের সবকিছু ভালো আর বিরোধী দলের সবকিছু খারাপ হিসেবে তুলে ধরা হতো। এমনকি সরকারি দল কোনো বক্তব্য দেওয়ার আগেই বিরোধী দল সমর্থন জানিয়ে দিত।
বর্তমানে তাঁরা প্রধান বিরোধী দলের দায়িত্বে রয়েছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, কেউ চান বিরোধী দল সংসদে ভাঙচুর করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করুক, আবার সরকারি দল চায় সব বিষয়ে বিরোধী দল সমর্থন জানাক। তবে তাঁরা এ দুই অবস্থানের কোনোটিই গ্রহণ করতে চান না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, পুলিশের মধ্যে অনেক দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা রয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।
জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব দেওয়া এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) দলীয়করণের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের পরিবর্তে প্রশাসনের কর্মকর্তাদের সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হলো না কেন?
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান
দুর্নীতি ও চাঁদাবাজিকে রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা কোনো দলের সম্পদ নন; বরং তাঁরা দলকে ডুবিয়ে দেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তিনি বলেন, অনেক সংসদ সদস্য ও মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। নীতির প্রশ্নে কাউকে বড় করে দেখার সুযোগ নেই। কেউ ভুল করলে তাঁকে সংশোধনের সুযোগ দিতে হবে, কিন্তু অপরাধ করলে ছাড় দেওয়া উচিত নয়।
নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান জানান, ওই সংসদ সদস্যকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে তাঁরা ২৪ ঘণ্টাও সময় নেননি। তাঁর সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
গণমাধ্যমকে আরও সাহসী ও নিরপেক্ষ হওয়ার আহ্বান
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের কোথায় কী ঘটছে, তা সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়। তবে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে সংবাদমাধ্যমেরও দায় থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের আরও সাহসী ও নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের চারটি চোখ থাকতে হবে। দেশের স্বার্থে গণমাধ্যমকে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে হবে।
সব ধর্ম ও মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান কামনা
দেশকে সবার উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বহুমাত্রিক সমাজ ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সব রাজনৈতিক দল ও ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা।
সম্প্রতি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের মানুষ ভালো থাকলে সবাই ভালো থাকবে। রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করা।
সৌদি আরবে বন্দী বাংলাদেশিদের বিষয়ে সরকারের ভূমিকা চান
সৌদি আরবের কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, সৌদি আরবের আইন অনুযায়ী তাঁদের বিচার হবে। তবে বন্দীদের বিষয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করা উচিত, যাতে তাঁরা ন্যায়বিচার পাচ্ছেন কি না, তা জানা যায়।
স্থানীয় সরকার নির্বাচনে জোটগত অংশগ্রহণ নয়
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না। অতীতেও তাঁরা এভাবে নির্বাচন করেননি। আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মতবিনিময় সভায় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনের নিরপেক্ষতা এবং জনগণের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.