ছবি সংগৃহীত :
সিলেটের গোয়াইনঘাটে স্কুলের উপবৃত্তির জন্য ছবি তোলার কথা বলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিহাব আহমদ (২২) গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বশির উদ্দিন।
এসআরবি-৯ জানায়, ভুক্তভোগী ছাত্রী গোয়াইনঘাট উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বারহাল বাজারের ইলিয়াছ মার্কেটের সামনে শিহাব তাঁর কাছে যান। ছাত্রীর বাবার নির্দেশে উপবৃত্তির আবেদন করার জন্য ছবি তোলা হবে জানিয়ে তাঁকে মার্কেটের দ্বিতীয় তলায় একটি স্টুডিওতে যেতে বলেন তিনি।
অভিযোগ অনুযায়ী, ছাত্রীটি সরল বিশ্বাসে দ্বিতীয় তলায় উঠলে শিহাবও তাঁর পিছু নেন। পরে সিঁড়ির পাশের দেয়ালের আড়ালে নিয়ে ছাত্রীর মুখ চেপে ধরে তাঁর পোশাক ছিঁড়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
এসআরবি আরও জানায়, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও তাঁর বাবা ও ভাইয়ের মুঠোফোনে পাঠানো হয়। এ ছাড়া আল আমিন আহমদ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শিহাবকে গ্রেফতার করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.