প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ০০:১১ (শনিবার)
অপহরণের শিকার হবিগঞ্জের কিশোর-কিশোরী উদ্ধার, গ্রেফতার ৪

ছবি সংগৃহীত :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের শিকার হবিগঞ্জের নবীগঞ্জের এক কিশোর ও এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের আটকে রেখে নির্যাতন এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রায়হান, টিপু, রাহাত মোড়ল ও ফেরদৌস হাওলাদার।

পুলিশ ও ভুক্তভোগীদের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লতুয়াপাড়া থেকে বাচ্চু মিয়ার ছেলে সহিদ ও তার দূরসম্পর্কের আত্মীয় রুমিনা গাড়িতে করে রূপগঞ্জে আসেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোলাকান্দাইল এলাকায় গাড়ি থেকে নেমে অটোরিকশার খোঁজ করছিলেন তারা। এ সময় ৭ থেকে ৮ জন তাদের পৃথক দুটি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরে তাদের গোলাকান্দাইল মধ্যপাড়ায় ফারুক ফকিরের বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। একপর্যায়ে অপহরণকারীরা সহিদের বাবা বাচ্চু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ জানায়, বাচ্চু মিয়া বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠিয়ে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি অপহরণকারীদের ভুক্তভোগীদের ওপর নির্যাতন না চালানোর অনুরোধ করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। এ সময় অপহৃত দুজনকে উদ্ধার এবং চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বাচ্চু মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অপহৃত দুজনকে উদ্ধার করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।