ছবি সংগৃহীত :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশের এসআই সহ দুইজন নিহত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে তুমুলিয়া এলাকায় সরকারি শ্রমিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)।
এ ঘটনায় আহত হয়েছেন, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) ও গাড়ি চালক রাব্বি (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আহিদ মিয়াকে (৪৫) আটক করে পুলিশ। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে থানায় ফিরছিল।
একপর্যায়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা চারজন আহত হয়।
পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত এসআই মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় রেফার করে। ঢাকায় মিজানুর রহমানকেও চিকিৎসক মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহতের পর চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। এছাড়া জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.