প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৪:১৬ (শুক্রবার)
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০০

সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। মৃতদের অধিকাংশই শিশু।

শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। তাদের বয়স যথাক্রমে ৬ মাস, ১ বছর ও ৩ মাস।

মৃত শিশুদের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায়। অপর শিশুটির বাড়ি হবিগঞ্জ জেলায়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শিশুরা অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। মৃতদের অধিকাংশই শিশু; এ তালিকায় তিনজন প্রাপ্তবয়স্কও রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৩২ জন।

চিকিৎসকরা জানান, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বেশিরভাগেরই টিকা দেওয়া ছিল না। পাশাপাশি তাদের অনেকেই অপুষ্টি, হৃদরোগ, নিউমোনিয়া, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। এসব জটিলতা শিশুদের শারীরিক অবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

সংশ্লিষ্টরা জানান, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশেষ টিকাদান কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মা ও শিশুর পুষ্টির চাহিদা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, শিশুদের সময়মতো টিকা দেওয়া, পুষ্টি নিশ্চিত করা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।