প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৪:০৬ (শুক্রবার)
সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় পণ্য বিস্কুট ও একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় আনোয়ার মিয়া (৩৫) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে যান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের লাকি এলাকায় আব্দুল হকের স-মিলের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে এসব পণ্য ও ট্রাক জব্দ করা হয়।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. শাহাব উদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি ড্রাম ট্রাকের ভেতরে রাখা ভারতীয় ১৭৭ কার্টন Malkist Cracker Biscuits এবং ১৮ কার্টন Oreo Choco Creme Sandwich Biscuit উদ্ধার করা হয়। এ ছাড়া ২০১৮ মডেলের একটি পুরাতন টাটা টিপার ড্রাম ট্রাক জব্দ করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-ট-১১-০১৪৯।

পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েল আহমেদকে আটক করে। তিনি গোয়াইনঘাট উপজেলার লাকি পূর্বপাড়ার কাচা মিয়ার ছেলে। অন্যদিকে, একই উপজেলার লাকি মাঝপাড়ার মুহিবুর মিয়ার ছেলে আনোয়ার মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা  বিশেষ ক্ষমতা আইনে ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আটককৃত জুয়েল আহমেদকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।