প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১১:০১ (শুক্রবার)
সিলেটে বিপুল পরিমাণ  ভারতীয় টমেটোসহ  পিকআপ জব্দ, আটক ২

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় টমেটোসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ

 

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে সিলেটের এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দীসহ পুলিশের একটি দল। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপসহ দুজনকে আটক করা হয়।

পরে আটক করা মিনি পিকআপটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট থানার বালেশ্বর খাগড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. শায়েখ (২০) এবং জৈন্তাপুর থানার কালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলাল (৪৫)।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।