প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৮:২০ (শুক্রবার)
সিলেটে অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২টি এয়ারগান উদ্ধার

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহপরাণ (রহ.) থানার খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলইপাড়ার একটি রাবার বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, রাবার বাগানের ভেতরে তল্লাশিকালে ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বাটবিহীন পুরাতন বিদেশি আগ্নেয়াস্ত্র এবং দুটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এয়ারগান দুটির মধ্যে একটির বাট ছিল না।

অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে এসআরবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।