প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৪:৩১ (বৃহস্পতিবার)
সিলেট তামাবিল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সভাপতি 

সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে কামাল আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে তাঁকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য চেকপোস্টে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

সূত্র জানায়, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা পুলিশ।

তবে কোন কোন মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং আটকের পর তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।