ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। তবে তাৎক্ষণিকভাবে আহত ইজিবাইক চালকের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিলো ব্যাটারিচালিত ইজিবাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় ইজিবাইকের চালকও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা সেলফি পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন। সেই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে সেলফি পরিবহন বন্ধের দাবি জানান।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.