মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালকের বাড়িতে চুরির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন ২ ভরি ১১ আনা ৯ পয়েন্ট।
বুধবার (২১ অক্টোবর) বড়লেখা থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বড়লেখার জিল্লুর মিয়া (২৬), মনির হোসেন (৩৩), আব্দুল আহাদ (৪৪), পারভেজ আহমদ (২৭), জুড়ীর সুমন আহমদ (৩৮) এবং সিলেটের জগন্নাথপুরের সাইদুর রহমান (২৩)।
পুলিশ জানায়, ১৮ অক্টোবর রাতে বড়লেখার দক্ষিণভাগ এলাকার সিএনজিচালক জসিম উদ্দিন অটোরিকশায় গ্যাস নিতে ঘরে তালা দিয়ে বাইরে যান। এ সুযোগে চোরেরা ঘরের পেছনের জানালার সিটকিনি খুলে ভেতরে ঢুকে তার ভাবির স্বর্ণের গলার হার ও কানের দুল এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
এ ঘটনায় ১৯ অক্টোবর জসিম উদ্দিন বড়লেখা থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে জিল্লুর, মনির ও আব্দুল আহাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পারভেজকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে দুটি মোবাইল ফোন ও স্বর্ণ বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে পারভেজের তথ্যের ভিত্তিতে জুড়ী থেকে সুমন আহমদকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ধরে সিলেট মহানগরীর কোতোয়ালি থানার লালদিঘিরপাড় এলাকার রহমান ম্যানশনের পুষ্পা জুয়েলার্সে অভিযান চালিয়ে দোকানমালিক সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। সেখান থেকে চুরি যাওয়া একটি গলার হার ও দুটি কানের দুল উদ্ধার করা হয়। পরে বাদী স্বর্ণালংকারগুলো শনাক্ত করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় গ্রেফতার ছয়জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.