প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ১৫:২৫ (বৃহস্পতিবার)
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো

ছবি: সংগৃহীত

ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল হতাশায় ভরা। সৌদি প্রো লিগে নিওম এসসির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আল-নাসরের পর্তুগিজ তারকা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতেও ব্যর্থ হন তিনি। তবে রোনালদোর ব্যর্থতার দিনে জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আল-নাসর।

মঙ্গলবার (২০ অক্টোবর) আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। ফলে প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আল-নাসর।

দ্বিতীয়ার্ধে ফিরে অবশ্য আরও বড় সুযোগ নষ্ট করেন রোনালদো। বিরতির পর তৃতীয় মিনিটে আল-নাসরের কর্নার থেকে সাদিও মানের হেডে বল পান তিনি। সামনে তখন ফাঁকা গোলপোস্ট। কিন্তু অবিশ্বাস্যভাবে বলটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান পর্তুগিজ তারকা।

অল্প সময়ের ব্যবধানে পেনাল্টি ও ফাঁকা গোলের সুযোগ হাতছাড়া করায় রোনালদোর পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের কাছ থেকে এমন সহজ সুযোগ নষ্ট হওয়া আল-নাসর সমর্থকদের জন্যও ছিল হতাশার।

তবে রোনালদোর ব্যর্থতার প্রভাব ম্যাচের ফলে পড়তে দেননি জোয়াও ফেলিক্স। তার দারুণ গোলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আল-নাসর। রোনালদো একাধিক সুযোগ নষ্ট করলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সৌদি ক্লাবটি।