প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ১৩:৪৮ (শনিবার)
সিলেট সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ 

সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ ভ্যানসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

বুধবার (২১ অক্টোবর) বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছারীগাছা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দ করা মদ ও পিকআপ ভ্যানের সিজার মূল্য ২১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া একই রাতে সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি বাংলাদেশি রসুন ও পান জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জব্দ করা মদ ও পিকআপ ভ্যান থানায় হস্তান্তর এবং অন্যান্য চোরাচালানি মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।