প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৫:৩২ (মঙ্গলবার)
সুনামগঞ্জে ভারতীয় মদসহ ২ যুবক আটক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের একটি কাঁচা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. সোহাগ (২০) ও আলাল মিয়া (২২)। সোহাগ একই গ্রামের মজিদের ছেলে এবং আলাল মিয়া আবদুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীনের দিকনির্দেশনায় পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ওই দুই যুবককে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে মো. সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিক ব্যাগ থেকে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাঁদের হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ তথ্য সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আটককৃত দুই আসামিকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।