সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৩৫ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, মেলব্রন ক্রিম, কিসমিস, আতশবাজি ও একটি ভারতীয় গরু।
সোমবার (১৯ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিদারা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩১৯ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৭১৬ পিস মেলব্রন ক্রিম এবং ৬০ কেজি কিসমিস জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।
এর আগে রোববার (১৮ অক্টোবর) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের আতশবাজি ও একটি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা।
বিজিবি জানায়, দুই দিনের পৃথক অভিযানে জব্দ করা অবৈধ পণ্যের সর্বমোট সিজারমূল্য ৩৫ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
আইটি ল্যাব সলিউশন্স লি.