প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৮:৪০ (সোমবার)
সিলেটে অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় জরিমানা

সিলেট নগরীর দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় মেসার্স জাকির ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর পেয়ে ফেমাস মার্কেটের একাধিক ফার্মেসি ব্যবসায়ী দোকানের শাটার বন্ধ করে পালিয়ে যান। পরে মার্কেটের বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় মেসার্স জাকির ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের দোকানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।