প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৭:৫৫ (সোমবার)
মৌলভীবাজারে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশু, আহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তিন বছর বয়সী শিশু জায়ান নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা, আট বছর বয়সী ভাই ও দাদি গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন—জায়ানের বাবা আব্দুল মুহিত দিপু, আট বছর বয়সী ভাই আয়ান এবং দাদি শামছুন নাহার (৭০)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে শ্রীমঙ্গলের মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী মো. আল-আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল।

পরিবারের সূত্রে জানা যায়, শিশু জায়ানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকেসহ আহত চারজনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জায়ানকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জায়ানের দাদি শামছুন নাহারের দুই পা এবং ভাই আয়ানের এক পা ভেঙে গেছে। এ ছাড়া বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।