ছবি: সংগৃহীত
বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা।
রোববার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ প্রতিযোগিতা উপজেলা পর্যায় থেকে শুরু হবে।
উপজেলায় বিজয়ী প্রতিযোগী জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফয (অনুর্ধ্ব ১২ বছর) ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফয (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ গ্রুপে’ তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয (অনুর্ধ্ব ১৮ বছর)।
এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার এক লাখ টাকা।
পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপে নয় জন বিজয়ীকে ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে দরখাস্ত ইসলামিক ফাউন্ডেশনের স্ব স্ব জেলা/উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। পুরো নভেম্বর মাস জুড়ে নাম নিবন্ধন করা যাবে।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। এপ্রিল মাসে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.