সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চাচাতো ভাই মাসুম মিয়া ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে হামলা চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে নাজিম উদ্দিন দাওয়াত দিতে মাসুমের বাড়িতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাসুম ও তাঁর ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন সাজিয়া বেগম অভিযোগ করে বলেন, মাসুমের নেতৃত্বে ৭ থেকে ৮ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ভাইয়ের ওপর হামলা চালান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, নাজিম উদ্দিনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের একাধিক স্থানে গভীর আঘাতের চিহ্ন ছিল।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.