সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, কম্বল, সোয়েটার, টায়ার-টিউব, টমেটো, কসমেটিকস, বাসমতি চাল, চকলেট ও শনপাপড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৩১ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, কালাসাদেক, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় গরুসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.