প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৭:১২ (রবিবার)
সিলেটে ২ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩

সিলেটের জৈন্তাপুরে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আয়াত নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, জাফলং থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে আসা আরেকটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

আহত তিন মাস বয়সী শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা হাসানুজ্জামান। তাঁদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিরাইমারা সেতুর পূর্ব পাশে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে তিন মাস বয়সী এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।