প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৫:২৮ (রবিবার)
হবিগঞ্জে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের মিয়াব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাধবপুরে পুলিশের গাড়ি ও ডাকবাংলো ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে সিরাজুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সিরাজুল ইসলামের গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন।