প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৫:২২ (রবিবার)
বিদেশি পিস্তল-গুলিসহ আটক যুবক

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি অস্ত্র ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকায় ‘মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন’-এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিয়ারাজ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভ্যানে করে অস্ত্রের একটি চালান যাচ্ছে। এর ভিত্তিতে পুলিশ যশোরগামী একটি ইঞ্জিনচালিতভ্যানে তল্লাশি চালায়।

এ সময় ভ্যানচালকের আসনের ওপর স্থাপিত বিশেষ ছাউনির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ চালক মিয়ারাজকেও আটক করে।
পরে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।