ছবি: সংগৃহীত
বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বান্দরবান সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্ক সংলগ্ন 'সাইনি রিসোর্টে' এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, রিসোর্টটির মালিক ও এনসিপি নেতা শৈক্যচিং মার্মা তাকে দীর্ঘদিন ধরে বিয়ে ও অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে উক্ত রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করে আসছিলেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার আবারও ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাইনি রিসোর্টে নিয়ে যান শৈক্যচিং মার্মা। একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর চিৎকার-চেঁচামেচি শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন।
পরে স্থানীয়রা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করেন এবং শৈক্যচিং মার্মাকে আটক করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মো. মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে স্থানীয় অধিবাসী নুরুল আলম জানান, পাহাড় কেটে সম্পূর্ণ অবৈধ ও বিনানুমোদনে রিসোর্টটি নির্মাণ করেছিলেন এই এনসিপি নেতা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্মিত এই রিসোর্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল বলেও তিনি অভিযোগ করেন।
পাহাড়ি জেলার দায়িত্বশীল এক রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। সচেতন নাগরিকরা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.