প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ২০:৩৪ (শনিবার)
সিলেটে হত্যা মামলায় গ্রেফতার ৩ যুবক

ছবি সংগৃহীত :

সিলেট নগরে হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, গ্রেফতার ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাতে ভিডিও ধারণ করতে নিষেধ করাকে কেন্দ্র করে হৃদয় হরিজনের সঙ্গে কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাষ্টঘর সুইপার কলোনি-সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় তাঁকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় হৃদয় হরিজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১২ অক্টোবর সিলেটের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ কমিশনার জানান, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার এক নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।