ছবি সংগৃহীত :
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই। তবে দেশটির সন্দেহভাজন পরমাণু স্থাপনায় আরও হামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রশাসন পরমাণু বোমা ব্যবহারের কথা ভাবছে—এমন খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বিশাল বোমাটি পরমাণু অস্ত্র নয়, বরং প্রচলিত বিস্ফোরক অস্ত্র।
ট্রাম্প বলেন, ‘মাদার অব অল বম্বস’ অত্যন্ত বড় একটি বোমা, তবে এটি পরমাণু বোমা নয়। এ ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
ইরানের পরমাণু স্থাপনায় নতুন করে হামলার সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প। বিশেষ করে পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ স্থাপনাকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, এখন আমরা পিক্যাক্স মাউন্টেনের দিকে নজর দিচ্ছি। সেখানে হামলা চালানোর প্রয়োজন হতে পারে। আমরা ওই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাব এবং দ্রুত ধ্বংস করে দেব।
তবে এ অভিযানে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, স্থলবাহিনী পাঠানোর প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।
ইরান যাতে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে চান বলেও জানিয়েছেন ট্রাম্প। তার মতে, এ লক্ষ্য অর্জনের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে এক বছরের মধ্যে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। তার দাবি, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে।
ট্রাম্প বলেন, ‘ইরানের যুদ্ধ খুব শিগগির শেষ হবে। একভাবে হোক বা অন্যভাবে, এটি দ্রুত শেষ হবে।’ যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে এবং জ্বালানির দামও কমবে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার অনুরোধ জানিয়েছে ইরানের কর্মকর্তারা। তার ভাষ্য, আলোচনার কারণে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।
আইটি ল্যাব সলিউশন্স লি.