ছবি সংগৃহীত :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গানপাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগান থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর রাজশাহী বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গানপাউডার সদৃশ পাউডার, ২টি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এসআরবির ধারণা, দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও অস্ত্র আমবাগানে মজুত করে রেখেছিল।
এসআরবি-৫-এর ক্যাম্প কমান্ডার সিনিয়র পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, উদ্ধার করা বিস্ফোরক, গানপাউডার ও ককটেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.