ছবি সংগৃহীত :
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম আবারও জাতীয় দলে ফিরতে চান।
এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন এই অভিজ্ঞ পেসার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলাম। তিনি জানান, জাহানারা তার পাশাপাশি বোর্ডের আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। ঘরোয়া ক্রিকেটে খেলতেও রাজি আছেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, ‘সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। বিসিবির আরও কয়েকজনের সঙ্গেও কথা বলেছে। সে সবই (ঘরোয়া ক্রিকেটও) খেলতে রাজি আছে।’
২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন জাহানারা। এরপর অস্ট্রেলিয়ায় চলে যাওয়ায় জাতীয় দলের বাইরে চলে যান তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি এই পেসার।
এদিকে, জাতীয় দলের বাইরে থাকার সময়ে বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলে গ্রুপিংয়ের অভিযোগ তুলেছিলেন জাহানারা। এসব বিষয় নিয়ে বোর্ডে চিঠিও দিয়েছিলেন তিনি।
তবে রফিকুল ইসলাম জানিয়েছেন, ব্যক্তিগত বিরোধ নয়, দেশের স্বার্থ ও ক্রিকেটারদের যোগ্যতাই গুরুত্ব পাবে। তার ভাষ্য, যোগ্যতা ও ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নির্বাচকদের বিবেচনায় এলে যেকোনো ক্রিকেটারের জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে।
গত দুই বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও এ সময়ে স্বীকৃত ক্রিকেটে খেলেননি জাহানারা। তাই জাতীয় দলে ফিরতে হলে ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে তাকে।
আইটি ল্যাব সলিউশন্স লি.