ছবি সংগৃহীত :
চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘সোলজার’ সিনেমা নিয়ে অনিশ্চয়তা। মাত্র নয় দিনের শুটিং বাকি থাকায় শাকিবিয়ানদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে! গত বছরের অক্টোবরে আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ডিসেম্বরে সিনেমাটি মুক্তির প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছিল।
চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বেশ কয়েকবার শিডিউল চূড়ান্ত করেও বাকি অংশের শুটিং শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। ঠিক সেই সময় ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর কাজ শুরুর কথা থাকলেও নানা জটিলতায় তা হয়নি। এরপর ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব। সেখানে প্রায় দুই মাস কাটিয়ে গত আগস্টে দেশে ফিরে ‘সোলজার’-এর বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠান অভিনেতাকে ক্যামেরার সামনে দাড় করাতে পারেনি।
ছবির কাজ বারবার পিছিয়ে যাওয়ার জন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যর্থতাকে দুষেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে শাকিবের ম্যানেজার মনির জামান বলেন, ‘গত কয়েক বছরে শাকিবের কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই–তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তাঁরা পারেননি।’
এদিকে শুটিং আটকে থাকার নেপথ্যে কলাকুশলীদের বকেয়া সম্মানীর বিষয়টিও উঠে এসেছে। তবে অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সিনেমার নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। পারিশ্রমিক না দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী–কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’
ছবি মুক্তির বিষয়ে তিনি বেশ আশাবাদী। জানিয়েছেন, খুব শিগগিরই শুটিং শেষ করে নতুন টিজারের মাধ্যমে মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। কিন্তু দেশের ফেরার পর নভেম্বরের প্রথম থেকে শুরু হতে পারে আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’-এর কাজ। এরপর ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়ার কথা রয়েছে তাঁর। ব্যস্ত শিডিউলের ফাঁকে ‘সোলজার’-এর বাকি নয় দিনের কাজ শেষ করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা নেই বললে চলে।
দেশপ্রেম এবং সমাজের ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী এবং অভিনেতা এবিএম সুমন।
আইটি ল্যাব সলিউশন্স লি.