প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২১:০৪ (শুক্রবার)
ভাড়া বাসা থেকে নারী-পুরুষসহ আটক ৫

ছবি সংগৃহীত :

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

 

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার দুধসরা এলাকায় সানাউল্লাহ নামে এক ব্যক্তির বাড়ির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পৌর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই ভাড়া বাসা থেকে চার নারী ও এক পুরুষকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের বাসিন্দা রাজিয়া খাতুন (৩৭), চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রামের জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০), ও একই এলাকার বাসিন্দা তাজনাহার (৪৫), এবং মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া ও ঝিলকিপোতা গ্রামের বাসিন্দা মাহফুজা খাতুন (২৭) ও নাছিম রানা (২৬)।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় পেনাল কোডের ২৯০ ধারায় কোটচাঁদপুর থানায় মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।