প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২০:৩০ (শুক্রবার)
সিলেটের মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেট নগরের দরগাহ গেট এলাকার মহানগর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং হাসপাতালের বিভিন্ন কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে হাসপাতালের অপারেশন থিয়েটার, অস্ত্রোপচার-পরবর্তী কক্ষ ও অটোক্লেভ কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়া যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ওষুধের ফার্মেসি পরিচালনার লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। এসব অনিয়মের পাশাপাশি হাসপাতালের বিভিন্ন কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নগরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।