প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১৩:০৪ (বৃহস্পতিবার)
সিলেটে অভিযানে ২৯ গ্রেফতার, ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে ১০ পিস ভারতীয় কম্বল, ১৫ পিস ভারতীয় শাড়ি এবং ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

এদিকে, মহানগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের পরিচালিত অভিযানে মোট ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭২টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।