ছবি সংগৃহীত :
ঝিনাইদহ মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক দুজন হলেন- নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের সুবল চন্দ্র জলদাস (৬৮) ও তার ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)।
আটক অন্য ছয়জন নারী ও শিশু হওয়ায় তাদের নামপরিচয় বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মহেশপুর বিজিবির বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত পিলার-৬০/৭৫-আর এলাকায় টহল দিচ্ছিল।
ওই সময় সীমান্তবর্তী পলিয়াটি গ্রামের একটি বাগানে অবস্থানরত আটজনকে আটক করে বিজিবি। আটকদের মধ্যে দুজন নারী, চারজন শিশু ও দুজন পুরুষ।
আটক সবাই বাংলাদেশের নাগরিক। পরে বিকেলে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুমা বিশ্বাস জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.