প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ০৯:৪৩ (বৃহস্পতিবার)
সিলেটে বিপুল পরিমাণ  ভারতীয় পণ্যসহ আটক ৪

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা  জব্দ করা হয়।

 

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে সিলেটের এয়ারপোর্ট থানাধীন দেবাইবহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দেবাইবহরগামী ইটসলিং রাস্তার সম্মুখে ধোপাগুল থেকে সাহেবের বাজারগামী পাকা সড়কে অভিযান চালান। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি থেকে ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে Keo Karpin Olivoyl, Snickers ও KitKat চকলেট, Mastani কিসমিস, ক্রিম এবং ফেসওয়াশসহ বিভিন্ন সামগ্রী।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী (উত্তর) এলাকার মেহেদী হাসান (৪৫), গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ইসলামপুর (দত্তপাড়া) এলাকার মো. হাবীবুল্লাহ (৪১), সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর (দুভাগ) এলাকার সিএনজিচালক মো. জসিম উদ্দিন (২৯) এবং সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন টুকেরবাজার ইউনিয়নের মালনীছড়া (মাঝলাইন) এলাকার মিটুন কুমার দে (২৮)।

পুলিশ জানায়, এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় ১৪ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নং-১৮ দায়ের করা হয়েছে। দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি রুজু করা হয়।

আটককৃত চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।