ছবি: সংগৃহীত
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে এসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাওরে নৌকায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
নিহত মনিরুজ্জামান মিয়া বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসেন। ওই দলের সফরসঙ্গী ছিলেন মনিরুজ্জামান। বুধবার সকালে টাঙ্গুয়ার হাওরে নৌকায় বসে থাকা অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।
পরে দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সফরসঙ্গী ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, তারা সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে এসেছিলেন। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মনিরুজ্জামানের মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হন সফরসঙ্গীরা।
উল্লেখ্য, নিহত মনিরুজ্জামান মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতা ছিলেন বলে জানা গেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.