প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১৮:৫৬ (বুধবার)
১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি খালেদা আক্তার কল্পনা

ছবি: সংগৃহীত

দেশের বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা অসুস্থ হয়ে গত ১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে আইন ও কল্যাণ সম্পাদক সুচনা সিকদারসহ সংগঠনের প্রতিনিধিরা সম্প্রতি হাসপাতালে গিয়ে কল্পনাকে দেখে এসেছেন। তারা জানান, তাদের দেখে খুশি হয়েছেন খালেদা আক্তার কল্পনা।

এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্পনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সহকর্মীরা।
সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা।

তার অভিনীত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’। এ পর্যন্ত তিনি পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বড় বোন, ভাবী ও মায়ের চরিত্রে নিজেকে তিনি প্রমাণ করেছেন অনন্য একজন শিল্পী হিসেবে। 
নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত ‘জিনের বাদশা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। 

বর্তমানে অভিনয়ে আর নিয়মিত নয় খালেদা আক্তার কল্পনা। সর্বশেষ পরিচালক মুন্না খানের ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।