ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার একটি বিল থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয়ের মধ্য বয়স্ক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহর মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোড় ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে গ্রামের জনৈক এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। মরদেহটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও তদন্ত চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.