সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট ও সংগ্রাম বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় গরু, টমেটো, জিরা, বিভিন্ন ধরনের ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা ও জুস জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি শিং মাছ এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাও আটক করা হয়।
জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.