সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি দল রিভলবারটি উদ্ধার করে। পরে
রোববার (১১ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, গত ১১ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি অভিযানিক দল জানতে পারে- সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের সন্টু মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা-সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসআরবি-৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি শপিং ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে। অস্ত্রটির এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ছাতক থানায় মামলা করা হয়েছে।
এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.