প্রতিকী ছবি
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় পদ্মা রানী মাঝি (৪৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী চক এলাকার শান্তিনগর-গোল্লা সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পদ্মা রানী চর খুলশী গ্রামের দয়াল মাঝির স্ত্রী। সে একজন সবজি বিক্রেতা।
প্রাথমিক তদন্তের বরাতে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ জানান, গতকাল শনিবার সকালে সবজি বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি পদ্মা রানী। বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।
রোববার সকালে স্থানীয়রা ওই ঝোপে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহতের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও রাতে শিয়াল নিহত নারীর শরীরে কামড়েছে এমন চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইটি ল্যাব সলিউশন্স লি.