শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাব লিমিটেডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাতে আটটায় সিলেট নগরের সুবিদবাজারে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মকদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন, শাব্বির এ চৌধুরী, সৈয়দ জয়নুল হক, শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মস্তাবুর রহমান, গোবিন্দ কুমার পাল, তানভীর বখত চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দপশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. খালিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের নির্বাচন পরিচালনা (ইসি) সদস্য, ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল কলব্রিজ, অকশন ব্রিজ, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, দাবা, ডার্ট ও লুডু। একক ও দ্বৈতভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাস্টিয়ান ক্লাবের সদস্যদের জন্য রাতের ভোজনের আয়োজন করা হয়। এরপর ক্লাব কার্যালয়ের ছাদে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। এতে শিল্পীরা বাউল শাহ আব্দুল করিম ও হাসান রাজার গান পরিবেশন করেন। এরপর অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.