প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ২০:৪০ (শনিবার)
১৬৫ কিমি বেগে ধেয়ে আসছে হারিকেন ইসাইয়াস

ছবি সংগৃহীত :

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলে উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। উপকূলের দিকে অগ্রসর হওয়ার পথে আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি-২ হারিকেনে পরিণত হয়েছে ঝড়টি।

 

 

 

মিয়ামিভিত্তিক হারিকেন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার শেষ রাতে অথবা শনিবার ভোরে স্থলভাগে আঘাত হানতে পারে ঝড়টি। আঘাত হানার সময় আরও বেশি শক্তিশালী হতে পারে হারিকেন ইসাইয়াস।

ফ্লোরিডা প্যানহ্যান্ডেল, দক্ষিণ আলাবামা এবং দক্ষিণ মিসিসিপি অঞ্চলে বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছে।
এসব এলাকার বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে বড় ধরনের বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ইসাইয়াসের সর্বোচ্চ একটানা বাতাসের গতি ঘণ্টায় ১০৫ মাইল (১৬৫ কিলোমিটার)। 

মিসিসিপির ওশান স্প্রিংস থেকে ফ্লোরিডার বে-গালফ কাউন্টি লাইন পর্যন্ত ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

এ ছাড়া মিসিসিপি নদীর মোহনা থেকে সুওয়ানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা দেওয়া হয়েছে।

উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওকালুসা দ্বীপ, উপকূলীয় ফোর্ট ওয়ালটন বিচের কিছু অংশ, ডেস্টিন, মেরি এস্থার এবং নাইসভিল এলাকা এই নির্দেশনার আওতাভুক্ত।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) পরিচালক মাইকেল ব্রেনান জানিয়েছেন, ইসাইয়াস যখন স্থলভাগে আঘাত হানবে, তখন এটি অত্যন্ত বিপজ্জনক রূপ নিতে পারে।