মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শু
শুক্রবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মনু রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুবায়ের ইসলাম জুবেল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে নিজ বাড়ি কুলাউড়ার উদ্দেশে রওনা হন জুবায়ের। ওই দিন রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে পরিবারের সঙ্গে তাঁর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। তাঁকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বরসহ সন্ধান চেয়ে পোস্ট দেন স্বজনেরা। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে মনু রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.