সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম লিমন) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা বিজয়ী হন।
অন্যদিকে, কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম লিমন), সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বিলাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটগ্রহণ ও গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.