প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ১১:০৭ (শুক্রবার)
মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় পাঠানোর নামে যেসব এজেন্সি প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে প্রবাসী করিডোর, প্রবাসী ব্যাংকসহ বিভিন্ন খাতে কাজ করছে সরকার। এ ছাড়া প্রবাসীদের সমস্যা ও ভোগান্তির কথা শুনতে সপ্তাহে এক দিন সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, “পৃথিবী যত দিন থাকবে, সমস্যা তত দিন থাকবে।” তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ চলছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের সেবা সহজ করা এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।