প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ১৮:৫৩ (শুক্রবার)
সিসিকের সাবেক মেয়রের এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি সংগৃহীত :

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. সহিদুল ইসলাম চৌধুরী ওরফে শহীদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় তিন কোটি টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে শহীদ চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় সম্পদের হিসাব দাখিলের জন্য তাকে নোটিশ দেয় দুদক। গত ৫ জানুয়ারি জারি করা ওই নোটিশ অনুযায়ী, বিধি মোতাবেক ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার বাধ্যবাধকতা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।

দুদকের অভিযোগ, সম্পদ বিবরণী দাখিল না করায় শহীদ চৌধুরী দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর মো. সহিদুল ইসলাম চৌধুরীকে তার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী ও শহীদ চৌধুরী আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। বর্তমানে তারা দুজনই যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।