প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ০৯:৫৩ (শুক্রবার)
সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফতার

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

 

বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে ৮১ পিস ইয়াবা ও ৪৮০ ক্যারেট ভারতীয় টমেটো উদ্ধার করা হয়েছে।

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সর্বমোট ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।